নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার সকালে জেলা শহর মাইজদীর হোয়াইট হল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

দুপুরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ১ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, যুবলীগের এক নেতার নামে একটি ব্যানার সামনে রেখে কয়েকজন ব্যক্তি মিছিল করছেন। এতে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে ভিডিওতে দেখা যায়।

মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিছিলের ভিডিও সংগ্রহ করা হয়েছে। ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এরই মধ্যে মিছিলে অংশগ্রহণের সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, মিছিলে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।