নোয়াখালীর সেনবাগ উপজেলাকে মাদকমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সেনবাগ থানা পুলিশ। মাদক বিক্রেতা ও সেবনকারীদের সম্পর্কে সাধারণ মানুষের কাছ থেকে গোপনে তথ্য সংগ্রহের লক্ষ্যে থানা কমপ্লেক্সের গোলঘর চত্বরে একটি গোপন অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।
সেনবাগ উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার সর্বস্তরের মানুষের পাশাপাশি দল-মত নির্বিশেষে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি।
এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কোনো মাদক বিক্রেতা, সরবরাহকারী বা সেবনকারীর বিষয়ে সঠিক তথ্য জানা থাকলে অভিযোগ বক্সে লিখিতভাবে জানানো যেতে পারে।
তিনি বলেন, অভিযোগকারীরা চাইলে নাম-পরিচয় প্রকাশ না করেও তথ্য দিতে পারবেন। অভিযোগ বক্সে পাওয়া তথ্য পুলিশ গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ বক্স স্থাপনের পর ইতোমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিজ নিজ এলাকার মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
সেনবাগ থানার ওসি আব্দুর রহিম সরকার আরও বলেন, আপনারা শুধু মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে সঠিক তথ্য অভিযোগ বক্সে দিয়ে যাবেন, পরবর্তী কাজ পুলিশ করবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সেনবাগ থানা পুলিশও কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তবে অভিযোগের ক্ষেত্রে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করতে যাচাইযোগ্য ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে, সাধারণ মানুষের কাছ থেকে গোপনে তথ্য সংগ্রহের জন্য অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, মাদকের বিস্তার রোধে শুধু পুলিশের অভিযান যথেষ্ট নয়; পরিবার, সমাজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।
মাদকমুক্ত সেনবাগ গড়তে তথ্য দিন, সহযোগিতা করুন অভিযোগকারীর পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন।