দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে নোয়াখালীতে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে নোয়াখালীতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আমরা নিজেকে সুস্থ রাখি, নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি এবং নিজের দেশকে সুস্থ রাখতে সহযোগিতা করি। আমরা যদি সপ্তাহে একদিন নিজেদের থাকার জায়গা ও এর চারপাশ পরিষ্কার করি, তাহলে দ্রুততার সঙ্গে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারবো।”
তিনি আরও বলেন, “যারা আবর্জনা তৈরি করবে, ময়লা ফেলবে, আমরা তাদের নিরুৎসাহিত করি। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে দেশকে কীভাবে পরিবর্তন করতে হয়। একটি পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ।”
এ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মো. শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলোসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা।
কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ অভিযান চলবে। প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ সময় সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নিজ নিজ বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।