নোয়াখালীর সেনবাগে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম মাল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী।

‎ডিবি পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশের নির্দেশনা ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সেনবাগ থানাধীন ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট এলাকায় চৌরাস্তা-ফেনী মহাসড়কে একটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় নিউ ডি.কে এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাশি চালানো হয়।

‎তল্লাশির একপর্যায়ে বাসের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের চালক ও ভোলা জেলার দৌলতখান থানার চর ভাতা (মালেক বাড়ি) এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম মালকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।