নোয়াখালীর কবিরহাটে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রকাশ্যে হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়াসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নোয়াখালীর পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মোহাম্মদ শহিদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক মোহাম্মদ শহিদ দীর্ঘদিন ধরে দৈনিক জনবাণীর নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ২ সেপ্টেম্বর তার কর্মরত গণমাধ্যমের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ‘নোয়াখালীর কবিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, থানায় অভিযোগ দায়ের’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদটি জাতীয় দৈনিক জনবাণীসহ বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।
অভিযোগে বলা হয়, ওই সংবাদে কবিরহাটের স্থানীয় বিএনপি নেতা আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্ত নেতা ও তার অনুসারীরা সাংবাদিক শহিদের ওপর ক্ষুব্ধ হন বলে অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক শহিদের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কবিরহাট থানা সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্যে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বিএনপি নেতা আব্দুল কাদের জসিম।
একপর্যায়ে তিনি সাংবাদিক শহিদকে হাত-পা ভেঙে চিরতরে পঙ্গু করে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় সেখানে উপস্থিত কয়েকজন সাধারণ মানুষ বিষয়টি প্রত্যক্ষ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত নেতা ও তার অনুসারীদের মাধ্যমে নজরদারির কারণে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে দাবি করেন সাংবাদিক শহিদ।
এ অবস্থায় স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত আব্দুল কাদের জসিমের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
তবে অভিযোগে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল কাদের জসিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এদিকে, অভিযোগটি গ্রহণ করে নোয়াখালীর পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিন জানান, বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।