নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় মালিকানা ও দখলীয় জমিতে বালু ভরাটে বাধা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আপন ভাতিজা নুরু রহমান ও তার ছেলে আশিকুর রহমান আদনানের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নুর নবী (৬৫) ও তার পরিবারের সদস্যরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন। তারা দাবি করেন, ঘটনার পর থেকে তারা ও তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী নুর নবী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার ইদ্রিছ মোল্লা বাড়ির বাসিন্দা। সংবাদ সম্মেলনে তিনি তার আপন ভাতিজা নুরু রহমান (৫০) ও তার ছেলে আশিকুর রহমান আদনান (২০)-এর বিরুদ্ধে জমিতে বালু ভরাটে বাধা, চাঁদা দাবি, গালাগাল ও হুমকির অভিযোগ করেন।
নুর নবীর দাবি, তিনি ও তার ভাই আবদুস ছাত্তারের ওয়ারিশরা এবং অপর ভুক্তভোগী মৌলভী ইদ্রিছের ওয়ারিশরা দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি ভোগদখল করে আসছেন। পাশাপাশি তিনি মোল্লা বাড়ি মসজিদের মোতাওয়াল্লী হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানান।
তিনি বলেন, ওয়ারিশসূত্রে পাওয়া মালিকানাধীন ও দখলীয় জমিতে বসুরহাট পৌরসভার অনুমতি নিয়ে সম্প্রতি বালু ভরাটের কাজ শুরু করেন তিনি ও তার পরিবারের সদস্যরা।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কসংলগ্ন ওই জমিতে নুরু রহমান, তার ছেলে আশিকুর রহমান আদনানসহ কয়েকজন ব্যক্তি এসে বালু ভরাটের কাজে বাধা দেন।
নুর নবী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, বালু ভরাটের কাজ চালিয়ে যেতে হলে তাদের ২০ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন নুরু রহমান ও আদনান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা সঙ্গে থাকা লোকজন নিয়ে উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং মারধর ও গুরুতর ক্ষতির হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে নুর নবীর ভাই আবদুস ছাত্তারের ওয়ারিশ রাজু ও সাজুও বক্তব্য দেন। তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নুরু রহমানের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তারা।
এ সময় তারা জমির মালিকানা, দখল ও নামজারি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলে ধরেন। তাদের দাবি, এর আগেও বসতঘরে হামলা, মারধর ও হত্যাচেষ্টার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
ভুক্তভোগী পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পাশাপাশি তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
অভিযোগের বিষয়ে নুরু রহমান ও আশিকুর রহমান আদনানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।