নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী ও নয়জন মাদকসেবী রয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় ২০টি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে মোট ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, সুধারাম থানা এলাকায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় চারজন, সেনবাগ থানায় চারজন, চরজব্বর থানা এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ একজন এবং কবিরহাট থানায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় চারটি নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতার কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।