নোয়াখালীর সেনবাগে এক সাবেক নৌবাহিনী সদস্যের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। পরে প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোবাইল ফোনের ক্যামেরা চালু করে এক সন্দেহভাজন ব্যক্তির ছবি ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সেনবাগ রাস্তার মাথা থেকে চৌমুহনী যাওয়ার পথে একটি সিএনজিতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, যাত্রাপথে তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে ওই নম্বরে কল করা হলে অপর প্রান্ত থেকে কলটি রিসিভ করা হয় এবং মোবাইল ফোনটি ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়।

এরপর প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোবাইল ফোনটির ক্যামেরা চালু করে একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি ধারণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-২৯, তারিখ-০১/০৯/২০২৬।

ভুক্তভোগীর দাবি, প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনটির সর্বশেষ অবস্থান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় শনাক্ত হয়েছে।

এদিকে, ধারণ করা সন্দেহভাজন ব্যক্তির ছবিটি দেখে কেউ তাকে চিনতে পারলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭২৬-৬১০৫৬৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মোবাইল ফোনটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী।

প্রতিবেদন: নোয়াখালী টিভি