নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয় নিয়ে বিশেষ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম, কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, অপরাধ দমন ও প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জেলার উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সরকারি দপ্তরগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় প্রতিরোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় নোয়াখালী জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।