নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরিবারের ওপর অভিমান করে আবু বক্কর সিদ্দিক আনন্দ (২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুটিখালী খালপাড় এলাকার মাইন উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দ তার বাবার কাছে ৩ হাজার টাকা চেয়েছিলেন। তবে তার বাবা তাকে কাজ করে উপার্জন করা টাকা দিয়ে প্রয়োজনীয় খরচ করার কথা বলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে অভিমান করেন আনন্দ। পরে পরিবারের সদস্যদের অগোচরে তিনি আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।