নোয়াখালীর বেগমগঞ্জে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ শাহানা আক্তার লাকী (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহানা আক্তার লাকী দুর্গাপুর গ্রামের আমিন উদ্দিন বেপারী বাড়ির নুর উল্যার স্ত্রী।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল দুর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই নারী সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে শাহানা আক্তার লাকী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।