নোয়াখালীর বেগমগঞ্জে জুতার সোলের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ৭০০ পিস ইয়াবাসহ ইমান হোছন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে বেগমগঞ্জ চৌরাস্তা-কুমিল্লা মহাসড়কের উপকূল বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় ইমান হোছনের পরিহিত জুতার সোলের ভেতর বিশেষ কৌশলে ফিটিং করে রাখা ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইমান হোছন কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।