নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পলি আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি কীটনাশক পান করেছিলেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পলি ওই এলাকার নুর উদ্দিনের মেয়ে এবং একই এলাকার শরীফের স্ত্রী। তাদের সাত মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলি ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এ নিয়ে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হয়। মঙ্গলবার বিকেলেও স্থানীয় ইউসুফ মেম্বারের উপস্থিতিতে তাদের বিরোধ মীমাংসা করা হয়।
তবে রাতে শরীফের বাড়িতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দেয়। পরে মধ্যরাতে পলি কীটনাশক পান করেন বলে পরিবারের সদস্যরা জানান। তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও রাত হওয়ায় যানবাহন পেতে বিলম্ব হয়।
পরে পলিকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগ অনুযায়ী এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।