নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার টক্কারগুল সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. ওসমান গনির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মো. মামুন (২২) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি গোপালপুর ইউনিয়নের মধুপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, আটকের পর তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।