নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল২০২৬) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাগদারা বাজারে ইদ্রিসিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মোটরসাইকেলযোগে গুচ্ছগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম জানান, ঘটনাটি সত্য। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।