বেগমগন্জ প্রতিনিধি-

নোয়াখালীর খবর-

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নোয়াখালী–ফেনী সড়কের উত্তর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

অভিযানকালে গাড়ির কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারায় সাতটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, সড়কের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।