মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, প্রয়োজন হলে রাজপথে নেমে ২৪ ঘণ্টার মধ্যে দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব।
বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর পরিদর্শন শেষে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব একটি দল নেওয়ার চেষ্টা করেছে। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কৃতিত্বও আরেকটি দল নিজেদের বলে দাবি করতে চেয়েছে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের একক কৃতিত্ব দাবি করা দলটি দীর্ঘদিন রাষ্ট্রক্ষমতায় থেকে মুক্তিযোদ্ধাদের একটি প্রশ্নবিদ্ধ তালিকা প্রণয়ন করেছে। অন্যদিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে চাওয়া দলটি স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছে।”
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, “একটি গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রয়োজনে রাজপথে নেমে ২৪ ঘণ্টার মধ্যে দেশকে রাজাকারমুক্ত করা সম্ভব হবে।”
চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনিষ দাস, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, আমেরিকা বিএনপির নেতা পরান চৌধুরী, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, সাবেক পৌরসভা সভাপতি দেওয়ান সামছুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আলাউদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এর আগে প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘর পরিদর্শন করেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত