শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, বসুরহাট পৌরসভা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুন অর রশীদ আজাদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার, এবং সঞ্চালনা করেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অর্থায়নের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাহবুব আলমগীর আলো ও হারুন অর রশীদ আজাদ শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন।
বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্যাতিত, নিষ্পেষিত ও ত্যাগী নেতাকর্মীদের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব।
এছাড়াও বক্তব্য দেন বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল।
সভাপতির বক্তব্যে নুরুল আলম শিকদার বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় উন্নয়নে জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি ও বিএনপির নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি, বসুরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত