ইসলামী ব্যাংকের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও পরিকল্পিত অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে ইসলামী ব্যাংকের সামনে ডিবি রোডে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে অংশগ্রহণকারীরা ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের মতো একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।
তারা অভিযোগ করেন, একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইসলামী ব্যাংককে বিতর্কিত করার চেষ্টা করছে।
অবিলম্বে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ এবং দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এদিকে একই দাবিতে ইসলামী ব্যাংক মাইজদী কোর্ট, সেনবাগ, সুবর্ণচর, সোনাইমুড়ী ও চাটখিল,কোম্পানিগঞ্জ শাখার সামনেও গ্রাহক ফোরামের উদ্যোগে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত