নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্বাস মজুমদার বাড়িতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একই বাড়ির ইমাম হাসান স্বপনের নেতৃত্বে ৫০ থেকে ১০০ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় নির্মাণাধীন ঘরে ব্যাপক ভাঙচুর করা হয় এবং ঘরের মালামাল ও নির্মাণ সামগ্রী পানিতে ফেলে দেওয়া হয়। পাশাপাশি বাড়ি নির্মাণ বন্ধ করতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
আহতদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদিনের স্ত্রী নাহার সুলতানা, তার ভাসুরের স্ত্রী এবং এক নির্মাণ শ্রমিক। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
নাহার সুলতানা অভিযোগ করে বলেন, “হামলাকারীরা আমাদের মারধর করেছে, ঘর ভাঙচুর করেছে এবং আমার গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত ইমাম হাসান স্বপনের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত