নোয়াখালী শহরের মাইজদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (৮ মে) দুপুরে শহরের পৌর বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিষিদ্ধ সংগঠনটির একদল নেতাকর্মী পৌর বাজার এলাকার সামনে জড়ো হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের হাতে ব্যানার ও পোস্টারও ছিল। স্লোগানে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কিছুক্ষণ পর মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, "বহিরাগত কিছু লোক আকস্মিকভাবে ঝটিকা মিছিল করে। কিছুক্ষণ পরই তারা সেখান থেকে চলে যায়। মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।"
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত