নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকায় ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ামিন তার মা বকুল আক্তারের সঙ্গে দুপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। তারা পরিষ্কার বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন।
এ সময় মাইজদী থেকে চেয়ারম্যানঘাটগামী একটি বেপরোয়া ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে যায় এবং ইয়ামিনকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত