নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নেয়াজের ডগি ও মমতাপুর এলাকায় মালেক ব্রিকস নামে দুটি ইটভাটা দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম জানান, জরিমানার পাশাপাশি ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত