নোয়াখালীর বেগমগঞ্জে মো. আবু বকর সিদ্দিক (৩৫) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের চাপরাশি বাড়ির মৃত হাজি আমিন উল্লাহর ছেলে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নোয়াখালীতে আনা হয়। এর আগে, শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিক ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় বড় ভাই নিজামের খাবারের দোকানে কাজ করতেন।
কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সিঁড়িতে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন তিনি।
এ সময় ৫-৭ জনের একটি দুর্বৃত্ত দল তাকে অপহরণ করে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, অপহরণের পর বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ের একটি মাঠে নিয়ে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় সিদ্দিককে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, ঢাকা থেকে বেতার বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত