নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘দেলোয়ার বাহিনী’র প্রধান মো. দেলোয়ার হোসেন (৩৫) কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলাদীনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের মৃত ছায়দল হকের ছেলে।
তিনি এলাকায় ‘দেলোয়ার বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ারের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে মোট ৬টি মামলা রয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা রয়েছে।
ডিবি পুলিশের ওসি মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত