নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম নদীর ঘাটের পশ্চিম পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে নদীর প্রতিরক্ষামূলক ব্লকসহ আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, নদীর প্রতিরক্ষা ব্লক থেকে মাত্র ১০০ থেকে ১৫০ ফুট দূরত্বে মাটি উত্তোলন করা হচ্ছে।
এতে নদীর পাড়ের স্বাভাবিক স্থিতিশীলতা নষ্ট হয়ে ব্লক ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এই অবৈধ কার্যক্রম চললেও তা বন্ধে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। ফলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তাদের প্রশ্ন, প্রশাসন বিষয়টি জানে কি না, নাকি জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
স্থানীয়দের একাংশের দাবি, এ ঘটনার পেছনে প্রভাবশালী একটি চক্র জড়িত থাকতে পারে। প্রকাশ্যে মাটি কাটার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
সচেতন মহল বলছে, নদী রক্ষায় নির্মিত প্রতিরক্ষামূলক ব্লকই এখন হুমকির মুখে। দ্রুত অবৈধ মাটি কাটা বন্ধ করা না হলে ভবিষ্যতে ভয়াবহ নদী ভাঙন ও জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত