নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আবুল খায়ের (৩৫)-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে “ষড়যন্ত্রমূলক” দাবি করে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্র-জনতা।
শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
বক্তারা বলেন, অভিযোগকারী ব্যক্তি “খারাপ প্রকৃতির” এবং দীর্ঘদিন ধরে তার বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তারা আরও বলেন, ঘটনার সূত্রপাত গত ৫ ফেব্রুয়ারি হলেও প্রায় দুই মাস পর মামলা দায়ের করা হয়েছে, যা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে।
মানববন্ধন থেকে বক্তারা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
অন্যদিকে, মামলার বাদী তার অভিযোগের বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন। তিনি অভিযোগগুলোকে সত্য দাবি করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত