ধান কাটার কাজ করতে দিনাজপুর থেকে নোয়াখালী আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং বোরো মৌসুমে ধান কাটার উদ্দেশ্যে নোয়াখালীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় যাচ্ছিলেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হতাহতরা সবাই দিনমজুর। প্রতি বছর ধান কাটার মৌসুমে তারা কম খরচে মালবাহী ট্রাকে করে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ফেনীতে গিয়ে কাজ করেন।
নিহত সোহরাব হোসেনের ভগ্নিপতি জসীম উদ্দিন জানান, সোমবার বিকেলে তারা দিনাজপুর থেকে রওনা দেন। সোহরাব ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া জাহাঙ্গীর আলম জানান, চালবোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় চালক হেলপারকে স্টিয়ারিংয়ে বসান।
পরে দাউদকান্দির হাসানপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
মঙ্গলবার দুপুরে নিহতদের স্বজনরা দাউদকান্দি হাইওয়ে থানায় এসে মরদেহ গ্রহণ করেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার জানান, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলমগীর খান বলেন, মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ না থাকায় এমন দুর্ঘটনা ঘটছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতরা হলেন:
আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), সুমন (২১), বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত