ঢাকার দোহার থানার প্রবাসী নারী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালীর চরজব্বর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় একটি অভিযান চালিয়ে নিজাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মলি আক্তার ও গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সৌদি আরবে কর্মরত অবস্থায় পরিচিত হন। প্রায় সাত বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি ৫ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।
দাম্পত্য জীবনে নির্যাতনের অভিযোগে প্রায় এক বছর আগে মলি আক্তার ইসমাইলকে তালাক দিয়ে কুয়েতে চলে যান। সম্প্রতি দেশে ফেরার পর ইসমাইল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ভিকটিম তা এড়িয়ে চলছিলেন।
গত ১৪ মার্চ ভোরে একটি ফোনকল পেয়ে মলি আক্তার ঘর থেকে বের হন। পরে তার বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ সিপিপি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের পরিচয় নিশ্চিত করেছে এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত