নোয়াখালী, ৭ এপ্রিল ২০২৬: বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নোয়াখালী জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এবারের প্রতিপাদ্য ছিল— “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”। প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, একটি সুস্থ সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তারা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

