নোয়াখালীতে মধ্যরাতের ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি দীর্ঘ সময় আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ তৈরি হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়। প্রবল ঝড়ে জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে, যার কিছু রেললাইনের ওপর পড়ে যোগাযোগে বিঘ্ন সৃষ্টি করে।
সকাল ৬টায় নোয়াখালী স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি হরিনারায়নপুর স্টেশন এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে থাকায় আটকা পড়ে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ অপসারণ করলে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়।
তবে মাইজদী কোর্ট স্টেশনেও ট্রেনটি সকাল ৮টা ২৩ মিনিট পর্যন্ত আটকে থাকে। পরে মাইজদী (বসিরার দোকান) ইমামবাজার সংলগ্ন রেললাইন থেকে গাছ সরানোর পর ট্রেনটি চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, সামনে আরও কয়েকটি স্থানে গাছ পড়ে থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত।
এদিকে, দীর্ঘ বিলম্বে অতিষ্ঠ হয়ে অধিকাংশ যাত্রী বিকল্প পথে গন্তব্যে রওনা দেন। ফলে ট্রেনটি প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে।
নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, ভোর থেকেই রেলওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাইন ক্লিয়ার করতে কাজ করছেন। সম্পূর্ণ গাছ অপসারণে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত