নোয়াখালীর হাতিয়া উপজেলায় তরমুজ ক্ষেতে নিয়ে এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত মো. ফয়সাল ওরফে রিয়াজ (৪২) এই মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, নোয়াখালী এবং র্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল নগরীর ফেস্টিভ্যাল জোন কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ১০ মার্চ ২০২৬ রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে একটি তরমুজ ক্ষেতের টং ঘরে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেছেন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে চট্টগ্রাম মহানগর পুলিশের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

