সকল মতের মানুষের স্বার্থে উন্নয়ন নিশ্চিত করতে স্ব-উদ্যোগে সরেজমিন পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা চৌঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। হাতিয়ার মানুষের যাতায়াত সহজ করা এবং বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই এ পরিদর্শন।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তার ধারাবাহিকতায় হাতিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম চলমান রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে।
এছাড়া আসন্ন ঈদুল আজহার আগেই নতুন একটি ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
ফেরির র্যাম্প টেকসই করতে দুই পাশের নদীতীর স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে হাতিয়ার সার্বিক উন্নয়নে বেশ কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় উপকারভোগী মানুষ।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত