নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকায় গভীর রাতে বালু পয়েন্টের মালিক শহীদুল্লাহকে জনতার হাত থেকে উদ্ধার করে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালুবাহী বোলগেট নদীপথে চলাচলের কারণে এলাকায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দানা বাঁধে। একাধিকবার নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও পুনরায় বালুবাহী বোলগেট চলাচল শুরু হলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চর এলাহী এলাকায় শহীদুল্লাহকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাকে হেফাজতে নেওয়া হয় এবং গ্রেফতার দেখানো হয়।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত