নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ মাটি ও বালু পরিবহনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে।
এতে চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম (৪৫)সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহত আবদুর রহিম জানান, প্রতিপক্ষ বাবর গ্রুপ অবৈধভাবে মাটি ও বালু পরিবহন করছিল। এতে বাধা দেন তার রাজনৈতিক সহযোদ্ধা আলাউদ্দিন জিকু। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাবর গ্রুপের লোকজন প্রথমে আলাউদ্দিন জিকুর ওপর চড়াও হয় এবং গালিগালাজ করে। পরে বিষয়টি জানতে পেরে তিনি জিকুকে বিরোধে না জড়াতে বলেন এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টিতে আনার উদ্যোগ নেন।
তিনি আরও জানান, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারীকে বিষয়টি জানানোর পর ঘটনাস্থল ত্যাগ করার সময় বাবর গ্রুপের ১০-১৫ জন লাঠিসোটা, পাইপ ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এদিকে তার ওপর হামলার খবর পেয়ে তাকে দেখতে যাওয়ার পথে তার তিন ভাই ও এক খালাতো ভাইয়ের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তার খালাতো ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন— জহির (৩৬), সাজ্জাদ হোসেন (২২), মোহাম্মদ ইব্রাহিম (৪৮),আলাউদ্দিন জিকু (৫৭) সহ আরও কয়েকজন।
আবদুর রহিম এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযুক্ত বাবর দাবি করেন, তার মাটির গাড়ি চলাচলে আলাউদ্দিন জিকু বাধা দেন এবং চাঁদা দাবি করেন।
এ সময় ড্রাইভারকে মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত