নোয়াখালীর কবিরহাট উপজেলার ভুঁইয়ার হাট বাজারে হঠাৎ করে গ্যাসের দাম বৃদ্ধি করাকে কেন্দ্র করে সিএনজি চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চালকদের সঙ্গে গ্যাস স্টেশন মালিকদের তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে ভুঁইয়ার হাট বাজারের চৌরাস্তায় সিএনজি চালকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাসের দাম বাড়ানো হয়েছে, যা তাদের দৈনিক আয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কয়েকজন চালক গ্যাস স্টেশন মালিকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
সিএনজি চালকদের দাবি, গ্যাসের দাম বাড়লে তাদের ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প থাকে না, যা যাত্রীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। দ্রুত এ সমস্যার সমাধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।
অন্যদিকে গ্যাস স্টেশন মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরবরাহ পরিস্থিতির কারণে গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ থাকলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

