নোয়াখালী জেলায় শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ইতোমধ্যে ২১ জন শিশুকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল–এ ভর্তি করা হয়েছে। প্রতিদিনই নতুন রোগী যুক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগে বাড়ছে উদ্বেগ।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। তিনি জানান, আক্রান্তদের বড় অংশই শিশু, তবে বিভিন্ন বয়সের মানুষও সংক্রমিত হচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জ্বর, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে ফুসকুড়ি—এগুলো হামের প্রধান লক্ষণ হিসেবে দেখা দিচ্ছে।
অনেক ক্ষেত্রে নিউমোনিয়া, ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতা তৈরি হওয়ায় রোগীদের অবস্থা গুরুতর হয়ে উঠছে।
বিশেষ করে যেসব শিশু টিকা নেয়নি, তাদের মধ্যেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।
বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের আলাদা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একই সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম জোরদার এবং আক্রান্তদের আলাদা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞদের মতে, টিকাই হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত