ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা ইমাম হোসাইন কিরণ সংসদীয় আসনে এমপি কার্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন।
জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে তিনি এ উদ্যোগকে সময়ের দাবি বলে উল্লেখ করেন।
চিঠিতে তিনি বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিটি স্তরে নির্দিষ্ট প্রশাসনিক কার্যালয় থাকলেও একজন সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় কোনো স্থায়ী সরকারি কার্যালয় নেই।
ফলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, অভিযোগ গ্রহণ কিংবা উন্নয়ন কার্যক্রম তদারকির মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বাসভবন, অস্থায়ী কার্যালয় বা দলীয় অফিসের মাধ্যমে পরিচালিত হয়।
এতে সাধারণ মানুষের জন্য একটি নিরপেক্ষ ও সহজলভ্য যোগাযোগমাধ্যম তৈরি হয় না।
তিনি প্রস্তাব করেন, প্রতিটি সংসদীয় আসনে একটি প্রাতিষ্ঠানিক এমপি কার্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে।
যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ সহজে প্রবেশ করতে পারবেন এবং লিখিত আবেদন বা অভিযোগ জমা দেওয়ার নির্দিষ্ট ব্যবস্থা থাকবে।
এছাড়া এমপি অনুপস্থিত থাকলেও প্রশাসনিক কার্যক্রম চালু রাখা সম্ভব হবে, যা জনসম্পৃক্ততা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে।
চিঠিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও তোলেন তিনি—সাধারণ নাগরিক যদি তার এলাকার এমপির কাছে কোনো আবেদন বা দরখাস্ত দিতে চান, তাহলে সেটি কোথায় এবং কীভাবে আনুষ্ঠানিকভাবে জমা দেবেন?
এ প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের সুবিধার্থে নিজ নির্বাচনী এলাকায় একটি স্থায়ী ও উন্মুক্ত এমপি কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া যেতে পারে।
ইমাম হোসাইন কিরণ তার চিঠির শেষে আশা প্রকাশ করেন, এমন একটি উদ্যোগ জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং আস্থার সেতুবন্ধন তৈরি করবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত