নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক প্রবাসী যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবে স্ট্রোক করে মো. জামশেদ (২৯) নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের আবা শহরের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত জামশেদ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াজ উদ্দিন বেপারী বাড়ির আবু নাছেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান জামশেদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে নাজরান এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কিং খালেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামছুল আলম রিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামশেদের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।
এদিকে, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত