নোয়াখালীর কবিরহাট উপজেলা-র ভূঁইয়ারহাট বাজারে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ধারাবাহিক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে একাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বাজারের জিরো পয়েন্ট সংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় দুই যুবক ও এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে সন্দেহজনক অবস্থায় আটক করেন ব্যবসায়ীরা। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কেউ তাদের কাছ থেকে অর্থ নিয়ে ছেড়ে দেওয়ার পক্ষে মত দেন, কেউ শাস্তির দাবি তোলেন, আবার অনেকে প্রশাসনের কাছে সোপর্দ করার পক্ষে অবস্থান নেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং এতে কয়েকজন আহত হন। পরবর্তীতে আটক ব্যক্তিদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ঘটনাটির শুরুতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না।
তবে আজ সকাল আনুমানিক ১০টার দিকে একটি রাজনৈতিক দলের স্থানীয় গ্রুপ আগের রাতের ঘটনায় তাদের নেতাকর্মীরা আহত হয়েছে—এ অভিযোগ তুলে বাজারে এসে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ ওঠে।
এ সময় ব্যবসায়ী মাইন উদ্দিন ও ভাঙার ডাক্তার ইব্রাহিম মিয়ার ওপর হামলার ঘটনাও ঘটে। এতে আরও কয়েকজন আহত হন।
পরবর্তীতে বাজারে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সচেতন মহলের মতে, ঘটনাটিকে রাজনৈতিক রূপ না দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে জেলার দুই বড় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ব্যক্তিগত ঘটনাকে কেন্দ্র করে দলকে জড়ানোর চেষ্টা করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

