নোয়াখালীর কোম্পানীগঞ্জ
উপজেলায় দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালক ও পরিবহন সংশ্লিষ্টরা।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বসুরহাট বাজার এলাকায় ঘুরে দেখা যায়, উপজেলা গেইট সংলগ্ন ছিদ্দিক কমার্শিয়াল স্টোর থেকে শুরু করে জামাইর টেক পর্যন্ত প্রায় সব জ্বালানি তেলের দোকান বন্ধ রয়েছে। ফলে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পেরে অনেককে দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বাইকার জানান, “এভাবে তেলের সংকট চলতে থাকলে আমরা বাইক চালাতে পারব না। তখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে, যা আমাদের জন্য খুবই কষ্টকর।”
এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এবং তেলের সংকটকে পুঁজি করে কিছু সিএনজি চালিত অটোরিকশা চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
সংকটের প্রভাব পড়েছে স্বাস্থ্যসেবাতেও। বসুরহাটের কয়েকটি বেসরকারি হাসপাতালের মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন।
এক হাসপাতাল মালিক লিখেছেন, “তেল না পেলে ব্যক্তিগত মোটরসাইকেল বন্ধ রাখা যায়, কিন্তু লোডশেডিংয়ের সময় হাসপাতালের জেনারেটর চালানো কিভাবে সম্ভব হবে?”
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

