নোয়াখালী জেলা তাবলীগ মারকাজের প্রতিষ্ঠাতা ও প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আবুল হোসেন সরকার (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৭ মার্চ) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. আবুল হোসেন সরকার নোয়াখালী জেলা তাবলীগ মারকাজের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি মাইজদী কোর্টে অবস্থিত ‘দি ন্যাশনাল এইচ. আর. ল্যাবরেটরি লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
এ অঞ্চলে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় তিনি একজন পথিকৃৎ হিসেবে সুপরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
এক শোকবার্তায় তিনি বলেন, ডা. আবুল হোসেন সরকার নোয়াখালীর তাবলীগ জামাতের একজন মুরুব্বি এবং হোমিওপ্যাথিক চিকিৎসার অগ্রদূত ছিলেন। তার মৃত্যুতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, মরহুম অত্যন্ত ধার্মিক ও সজ্জন ব্যক্তি ছিলেন এবং আজীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর নোয়াখালী জেলা মারকাজ মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত