পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালী জেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১, সিপিসি-৩)। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদকেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৩টায় চৌমুহনী পৌরসভা বাস টার্মিনালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
তিনি বলেন, নোয়াখালীর বিভিন্ন স্থানে র্যাবের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি না হয়।
বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মহাসড়কে যান চলাচলও নির্বিঘ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতে র্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
র্যাব জানিয়েছে, ঈদ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত