নোয়াখালীর কোম্পানীগঞ্জে সামাজিক ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা আন্দোলন জোরদার করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সোমবার (১৬ মার্চ) বিকেলে বসুরহাট পৌরসভার অডিটোরিয়ামে বিডি ক্লিন কোম্পানীগঞ্জ শাখার আয়োজনে এ ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রায় ৪৪টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে ইফতার আয়োজনটি এক অর্থবহ মিলনমেলায় পরিণত হয়। এ সময় পরিবেশ সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতা আন্দোলন নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকেরা জানান, বিডি ক্লিন গত প্রায় এক দশক ধরে দেশের বিভিন্ন জেলায় পরিচ্ছন্নতা আন্দোলন পরিচালনা করছে। বর্তমানে সংগঠনটি দেশের ৫৫টির বেশি জেলায় সক্রিয়ভাবে কাজ করছে। অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা নিজ নিজ এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং পরিবেশ সংরক্ষণে কাজ করার শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতীক। একটি দেশকে উন্নত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের মানসিকতা ও পরিবেশ সচেতনতা সমানভাবে গুরুত্বপূর্ণ।
বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ জীবনের ভিত্তি। সুস্থ মানুষই পারে একটি শক্তিশালী ও উন্নত জাতি গড়ে তুলতে। তাই পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক দায়িত্ববোধের বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের দৃষ্টিকোণ থেকেও পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা আন্দোলনের সঙ্গে পরিবেশ প্রকৌশল এবং নাগরিক দায়িত্ববোধের একটি গভীর সম্পর্ক রয়েছে।
অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ এলাকায় গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারেন।
অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, পরিচ্ছন্নতা আন্দোলনের বিষয়টি অত্যন্ত বিস্তৃত। সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

