নোয়াখালীতে পবিত্র কোরআনের ২০০ জন হাফেজকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বেগমগঞ্জ উপজেলার একটি মিলনায়তনে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম এবং সেক্রেটারি আমিমুল ইহসান ফাহাদ।
বক্তারা বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ হেদায়েতের গ্রন্থ।
যারা কোরআন মুখস্থ করে নিজেদের অন্তরে ধারণ করেন, তারা অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানের অধিকারী। কোরআনের হাফেজরা শুধু নিজেদের জন্য নয়, সমাজ ও জাতির জন্যও আলোর দিশারী।
তারা আরও বলেন, বর্তমান সমাজে কোরআনের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে নবীন হাফেজদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত