নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেল ৫টার দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল ওসি, ডিবি নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) অনুপ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার মোর্শেদ আলম কমপ্লেক্স এলাকায় অবস্থানকালে বেগমগঞ্জ থানাধীন গনিপুর এলাকার চৌধুরী মেকার গংয়ের খালি জায়গায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী মোঃ ইয়াছিন (৩৭) কে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াছিন গনিপুর (ধন গাজী হাজী বাড়ি), ৫ নম্বর ওয়ার্ড, চৌমুহনী পৌরসভার বাসিন্দা। তার পিতা মৃত আবুল হাসেম ও মাতা মৃত হরমুজা বেগম।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালীর অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত