নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও ফেনীর সোনাগাজী উপজেলার সংযোগ সড়কে অবস্থিত গুরুত্বপূর্ণ সাহেবেরঘাট সেতুকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি করেছে ফেনী জেলা প্রশাসন।

গত ৫ মার্চ (বৃহস্পতিবার) ফেনী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মনিরা হকের স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার এবং নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়ক সংযোগ রক্ষাকারী সেতু হিসেবে সাহেবেরঘাট সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পার্শ্ববর্তী জেলা থেকে বালু সরবরাহ ও পরিবহনের কারণে সেতুটি বর্তমানে হুমকির মুখে রয়েছে।
স্থানীয় জনগণের দুর্ভোগ কমানো এবং সেতুটি রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে ২০ (বিশ) টনের অধিক বোঝাই যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ নির্দেশনা অমান্য করলে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এবং “বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২” অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ গণবিজ্ঞপ্তির অনুলিপি সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়; সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়; সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন; বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ; পুলিশ সুপার, ফেনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
এছাড়া সর্বসাধারণের অবগতির জন্য গণবিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট এলাকায় নোটিশ বোর্ডে টানানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

