নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই চিনি জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) গভীর রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত আফাজিয়া বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৮৫ বস্তা চিনি উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনের নির্দেশনায় এসআই প্রতীক পাল এর নেতৃত্বে আফাজিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারের সাহেদ ও রিয়াজ উদ্দিনের ভাড়াকৃত একটি গুদাম থেকে ২০০ বস্তা চিনি জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে শনিবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলা উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত একই এলাকায় আরেকটি অভিযান চালায়। এ সময় ব্যবসায়ী হেলাল বেপারীর গুদাম থেকে ৭ বস্তা এবং তার বাড়ি থেকে আরও ৭৮ বস্তা চিনি উদ্ধার করা হয়।
জব্দকৃত চিনির বস্তাগুলোর মধ্যে ৬০ কেজি ও ৪৫ কেজি ওজনের চিনি রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিয়ার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন স্থান থেকে চোরাই পণ্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করে আসছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলা উদ্দিন জানান, উদ্ধার করা চিনিগুলো আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

