নোয়াখালীর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪)
৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২)
একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০)
৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮)
অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)
অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাস্কফোর্স এ অভিযান চালায়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি আরও বলেন, রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

