নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সেমাই প্রস্তুতকারী তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১১ সিপিসি-৩।
সোমবার (২ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিসিক ও সেতুভাঙ্গা এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। যৌথভাবে অভিযানে অংশ নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় এবং র্যাবের একটি আভিযানিক দল।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে এ অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, মোড়কীকরণ বিধি লঙ্ঘন এবং অনুমোদনহীন উপকরণ ব্যবহারের অভিযোগে বিসিক এলাকার মেসার্স নিউ পপুলার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মোড়কীকরণ বিধি না মানায় টোকিও ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেতুভাঙ্গা এলাকার মেসার্স নোয়াখালী ফুড প্রোডাক্টস (পালকী ব্র্যান্ড লাচ্ছা সেমাই)-কে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং মোড়কে আগাম উৎপাদনের তারিখ উল্লেখ করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের দায়ে প্রশাসনিক ক্ষমতাবলে তিন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে র্যাব-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাতের নেতৃত্বে একটি দল, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ও কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

